
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের আনন্দে ভাসছে বাংলাদেশ। তবে দলের জয় নিশ্চিত করার কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে যেতে হয়েছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে। ম্যাচ চলাকালে মাথায় বলের আঘাত পাওয়ার পরও তিনি ব্যাটিং চালিয়ে যান এবং দলকে জয়ের বন্দরে পৌঁছে মাঠ ছাড়েন। যদিও তাঁর চোটের প্রকৃত অবস্থা নিয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের জন্য যখন আর ২৪ রান প্রয়োজন, তখন অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসের একটি শর্ট বল সোজা গিয়ে আঘাত হানে মিরাজের হেলমেটে। আঘাতের পর কিছু সময় মাঠেই চিকিৎসা নিতে হয় তাঁকে। পরিস্থিতি বিবেচনায় স্ট্রেচারও আনা হয়েছিল। তবে চিকিৎসা শেষে আবার ব্যাটিংয়ে ফিরে আসেন বাংলাদেশ অধিনায়ক।
ম্যাচটিতে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন মিরাজ। ১৪৪ রানে মোসাদ্দেক হোসেন আউট হওয়ার পর তিনি ক্রিজে নেমে ২২ বলে অপরাজিত ২২ রান করেন। তাঁর দায়িত্বশীল ইনিংসেই ৫ উইকেটের জয় নিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও দেখা যায়নি মিরাজকে। তাঁর পরিবর্তে দলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পরে মিরাজকে একজনের সহায়তায় অ্যাম্বুলেন্সে উঠতে দেখা যায়।
কনকাশনের আশঙ্কা থেকে ম্যাচ শেষ হওয়ার পরই বাংলাদেশ দলের মেডিকেল টিম তাঁকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর চোটের মাত্রা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিশ্রামের প্রয়োজন হলে সিরিজের শেষ ম্যাচে তাঁকে নাও দেখা যেতে পারে। এরই মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে বিশ্রাম নিয়েছেন এই অলরাউন্ডার।
ম্যাচ-পরবর্তী অনুষ্ঠানে মিরাজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘মনে হচ্ছে ভালো আছে, তবে আজ রাতটা দেখতে হবে। হাসপাতালে নেওয়া হয়েছে।’