
দেশের পাঁচটি বিভাগে ইতোমধ্যে সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। বর্ষার এই প্রভাব ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে এবং আগামী কয়েক দিনের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া, বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১০ জুন) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু বর্তমানে বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ পর্যন্ত বিস্তার লাভ করেছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের বাকি অংশেও এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে। এ সময় সারাদেশেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়বে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনাও রয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একইভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সারাদেশেই কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
শুক্রবার (১২ জুন) ও শনিবার (১৩ জুন) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। ওই দুই দিনও দেশের পাঁচটি বিভাগে বেশি বৃষ্টিপাত এবং অন্যত্র বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে।
রোববার (১৪ জুন) পর্যন্তও একই প্রবণতা বজায় থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এরপর আগামী পাঁচদিন পর বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।