
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনের শুরুটা একেবারেই ভালো হলো না বাংলাদেশের। দিনের প্রথম ঘণ্টাতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গেছে স্বাগতিকরা।
সোমবার (১১ মে) মিরপুর টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দিনের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান মাহমুদুল হাসান। পাকিস্তানি পেসার মোহাম্মদ আব্বাসের বলে ৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
মাহমুদুল আউট হওয়ার পর সাদমান ইসলামের সঙ্গে জুটি গড়তে নামেন মুমিনুল হক। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সাদমানও। হাসান আলির বলে সাউদ শাকিলের তালুবন্দী হয়ে ড্রেসিংরুমে ফেরেন এই ওপেনার।
ওপেনিং জুটি ভাঙার পর চাপে পড়ে যায় বাংলাদেশ শিবির। এই রিপোর্ট লেখা পর্যন্ত ক্রিজে আছেন প্রথম ইনিংসের দুই কাণ্ডারি অভিজ্ঞ মুমিনুল হক ও আগের দিনের সেঞ্চুরিয়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭ রান করেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়ায় তখন মোট লিড ছিল ৩৪ রান। তবে চতুর্থ দিনের শুরুতেই টপ অর্ডারে ধস নামায় বড় লক্ষ্য গড়ার পরিকল্পনায় ধাক্কা লাগে স্বাগতিকদের।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান করার পর পাকিস্তান অলআউট হয় ৩৮৬ রানে। বল হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন মেহেদী হাসান মিরাজ। পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে দেননি তিনি।