
মধ্যপ্রাচ্যের রেসিং ট্র্যাকে নতুন ইতিহাস গড়লেন বাংলাদেশের অভিক আনোয়ার। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ সিরিজের ২০২৫-২৬ মৌসুমে সামগ্রিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন তিনি, একই সঙ্গে রাউন্ড ৭-এ রিনল্ট ক্লিও ক্যাটাগরিতেও সেরা হয়ে দাপট দেখান। প্রথম বাংলাদেশি হিসেবে এই সাফল্য এনে দিয়ে আন্তর্জাতিক মোটরস্পোর্টসে দেশের নাম উজ্জ্বল করেন তিনি।
পুরো মৌসুমজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে অভিক যেন প্রতিপক্ষদের জন্য হয়ে ওঠেন অপ্রতিরোধ্য এক ঝড়। মোট চল্লিশ জন প্রতিযোগীর মধ্যে তিনি সংগ্রহ করেন তিনশত সাতাত্তর পয়েন্ট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যাক্সিম ভোলিকিন থেমে যান দুইশত সাত পয়েন্টে। ব্যবধানই বলে দেয়, এই শিরোপা কেবল জয় নয়, একচ্ছত্র আধিপত্যের গল্প।
রাউন্ড ৭-এর দিনটি ছিল আরও নাটকীয়। বৃষ্টিভেজা পিচ্ছিল ট্র্যাকে যেখানে বেশিরভাগ ড্রাইভার নিরাপদ টায়ারের ওপর ভরসা রাখেন, সেখানে অভিক নামেন স্লিক টায়ার নিয়েই। ঝুঁকির এই সিদ্ধান্তই শেষ পর্যন্ত হয়ে ওঠে তার জয়ের রসদ। প্রতিকূল আবহাওয়াকে যেন নিজের নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি ছিনিয়ে নেন শীর্ষস্থান।
এই চ্যাম্পিয়নশিপে অংশ নেন যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ভারত, রাশিয়া, চীনসহ বিশ্বের নানা দেশের প্রতিযোগীরা। সেই বহুজাতিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে বাংলাদেশের পতাকাকে সামনে রেখে এগিয়ে যান অভিক, যেন গতির ভাষায় লেখা এক অনন্য গল্প।
এর আগেও একই আসরে শিরোপা জিতে নজর কাড়েন অভিক। দুর্ঘটনার ধাক্কা কাটিয়ে ফিরে এসে দীর্ঘ রেসে একক প্রচেষ্টায় সাফল্য পাওয়ার নজির গড়েন তিনি। যেখানে অন্যদের দলে একাধিক ড্রাইভার থাকেন, সেখানে একাই পুরো রেস শেষ করে নিজের দৃঢ়তা আর দক্ষতার পরিচয় দেন এই বাংলাদেশি রেসার।