
চলতি মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ। সিরিজের জন্য আজ (১১ এপ্রিল) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে যে ১৫ সদস্যের দল ছিল, সেই একই দল নিয়েই কিউইদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা।
সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ দুটি হবে ১৭ এপ্রিল এবং ২০ এপ্রিল। এরপর তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে। ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে আগের দলই বহাল রাখা হয়েছে।
নির্বাচক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান সিরিজে দল ভালো পারফরম্যান্স করায় ধারাবাহিকতা বজায় রাখাই মূল লক্ষ্য। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘সর্বশেষ সিরিজে দল ভালো ক্রিকেট খেলেছে। তাই আমরা একই দল ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। কাউকে অল্প কয়েক ম্যাচে বিচার করে বাদ দেওয়ার পক্ষে আমরা নই।’
তিনি আরও বলেন, ‘যারা সুযোগ পেয়েছে তাদের আরও সময় দেওয়া হবে। তিনটি ম্যাচে কারও পুরো মূল্যায়ন করা ঠিক নয়। ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের পরিকল্পনা।’
পাকিস্তান সিরিজে একাদশে সুযোগ না পেলেও সৌম্য সরকারের ভূমিকা নিয়েও ইতিবাচক মন্তব্য এসেছে নির্বাচকদের পক্ষ থেকে। অনুশীলনে তার অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলা হয়েছে, তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন।
বাংলাদেশ ওডিআই স্কোয়াড: মেহেদি হাসান মিরাজ(অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা।