
গানের কথা ও ভিডিওতে নারীদের আপত্তিকর উপস্থাপনের অভিযোগে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হন ভারতের জনপ্রিয় র্যাপার বাদশা। বুধবার (৮ এপ্রিল) দেশটির জাতীয় মহিলা কমিশনের সামনে সশরীরে হাজির হয়ে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং লিখিত বক্তব্য জমা দেন, যদিও একই ঘটনায় তার বিরুদ্ধে ইতোমধ্যে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে।
গত মার্চে প্রকাশিত ‘টাটেরি’ গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, গানের ভাষা ও দৃশ্যায়নে নারীদের অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর দ্রুত নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাদশাকে শুনানিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই শুনানিতে এসে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন বিষয় এড়িয়ে চলার প্রতিশ্রুতি দেন বলে একটি গণমাধ্যমকে বলেন সংশ্লিষ্টরা।
ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের অবস্থান কিছুটা পুনরুদ্ধারের চেষ্টায় তিনটি বড় প্রতিশ্রুতি দেন এই সংগীতশিল্পী। আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন নিয়ে নতুন গান তৈরি করবেন, অন্তত ৫০ জন কন্যাশিশুর শিক্ষার দায়িত্ব নেবেন এবং নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন উদ্যোগের জন্য কনসার্ট বা অন্যান্য মাধ্যমে অর্থ সংগ্রহ করবেন বলে জানান তিনি।
এদিকে বিতর্কের চাপে গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে বিতর্কের ঢেউ থেমে নেই। হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একটি এফআইআর দায়ের হয়েছে, যেখানে নারীদের অবমাননার অভিযোগ আনা হয়েছে। সংশ্লিষ্ট আইনে দোষী প্রমাণিত হলে তার জন্য বড় ধরনের শাস্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে ক্ষমা চাইলেও এই বিতর্ক যেন এখনো তার পিছু ছাড়ছে না, বরং ভবিষ্যতের পথে এক অদৃশ্য ছায়ার মতো লেগে থাকছে।