
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করা হয়েছে ভিন্ন আবহে—লন্ডনে কেক কেটে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।
একটি বেসরকারি টেলিভিশনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাকিব আল হাসান-এর ৩৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন আসিফ আকবর। এরপর তিনি সাকিবকে কেক খাইয়ে দেন, পাল্টা সাকিবও তাকে কেক খাওয়ান।
১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন সাকিব। ২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাট ও বল হাতে ধারাবাহিকভাবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্ব ক্রিকেটে একাধিক রেকর্ড গড়ার পাশাপাশি তিন ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেন তিনি। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দেন।
বিশেষ করে ২০১৯ সালের বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল স্মরণীয়। ওই আসরে ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট, যা তাকে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফরমার হিসেবে প্রতিষ্ঠিত করে।
মাঠের বাইরের নানা বিতর্কে জড়ালেও মাঠের পারফরম্যান্সে তিনি সবসময়ই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন এবং দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
পরিসংখ্যান অনুযায়ী, টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান করেছেন সাকিব এবং বল হাতে নিয়েছেন ২৩১টি উইকেট। অন্যদিকে, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি শিকার করেছেন ৩০১টি উইকেট।