
দেশের বন্ধ হয়ে থাকা পাটকলগুলো পুনরায় চালুর মাধ্যমে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে এ উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে এবং ইতোমধ্যে কিছু পাটকল চালু হয়েছে, বাকি মিলগুলো ধাপে ধাপে চালুর প্রক্রিয়ায় রয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নোয়াপাড়া এলাকায় জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনকালে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যবাহী মসলিন শিল্প পুনরুজ্জীবিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এ লক্ষ্যে বিদেশে গবেষণা পরিচালনা করা হয়েছে এবং বিশেষজ্ঞদের মাধ্যমে নমুনা সংগ্রহ ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে মসলিনের প্রকৃত উৎস শনাক্ত করা হয়েছে। পাশাপাশি ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে গবেষণা জোরদার, বাজার সম্প্রসারণ এবং উন্নত মানের বীজ উদ্ভাবনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জামদানী ভিলেজ প্রকল্প প্রসঙ্গে তিনি জানান, প্রকল্পটির নির্ধারিত মেয়াদ চলতি বছর শেষ হওয়ার কথা থাকলেও কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। এর আওতায় ইতোমধ্যে মাটি ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ এবং ড্রেনেজসহ প্রাথমিক অবকাঠামোগত কাজ শেষ হয়েছে। এখানে ছয়তলা ও তিনতলা দুটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া চলতি অর্থবছরের মধ্যেই আগ্রহীদের কাছে মসলিন প্রযুক্তি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
পরিদর্শনের সময় তিনি জামদানী শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণে চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় তাঁতিদের সঙ্গে মতবিনিময় করেন। এছাড়া তিনি আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্র ঘুরে দেখেন এবং চরকার মাধ্যমে কার্পাস তুলা থেকে সুতা তৈরি ও কাপড় বোনার বিভিন্ন ধাপ প্রত্যক্ষ করেন।