
জাতীয় ক্রিকেট দলের নির্বাচক কাঠামোয় বড় পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নির্বাচক প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। এই প্যানেলকে সরাসরি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।
দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সিরিজে তার ফেরার জোরালো সম্ভাবনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত দলে জায়গা হয়নি তার। তবে সামনে নিউজিল্যান্ড সিরিজে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা আবারও জোরালো হয়ে উঠেছে।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিউজিল্যান্ড সিরিজে সাকিব বিবেচনায় থাকবেন কি না—এমন প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেন,
'এটা আসলে সময়ই বলে দেবে। কারণ আমরা তো এখনো জানি না যে সাকিব কোন অবস্থাতে দাঁড়িয়ে আছে। সাকিব যদি দলে ফিরে তাহলে অবশ্যই সে প্রিপারেশন নিয়েই ফিরবে।'
শুধু একটি সিরিজ নয়, দীর্ঘমেয়াদে সাকিবকে দলে রাখতে চান বলেও স্পষ্ট করেছেন প্রধান নির্বাচক। তিনি বলেন,
'সাকিবকে আসলে লম্বা সময়ের জন্যই চিন্তা করতে চাই। শুধুমাত্র একটা সিরিজের জন্য নয়, সেটা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।'