
শিরোপা নির্ধারণী ফাইনালে ব্যাট করতে নেমে দুই ওপেনার স্যাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মার শক্তিশালী প্রারম্ভিক ঝড়ের কারণে উড়ন্ত সূচনা পায় ভারত। শেষ দিকে নিউজিল্যান্ড কিছুটা প্রতিরোধ গড়লেও ভারত বড় পুঁজি সংগ্রহ করতে সক্ষম হয় এবং সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল কিউইদের ২৫৬ রানের বিশাল লক্ষ্য দিয়েছে, যা টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ রানের রেকর্ড।
রোববার (৮ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার ভারতকে ব্যাটিংয়ে পাঠান। শুরু থেকেই স্যামসন ও অভিষেক শর্মা কিউই বোলারদের ওপর চড়াও হয়ে দুর্দান্ত শুরু উপহার দেন। মাত্র ৪ ওভারেই দলীয় ফিফটির দেখা পায় ভারত।
অবিষেক শর্মা ৬ চার ও ৩ ছক্কায় ১৮ বলে ফিফটি পূর্ণ করেন। দলীয় ৯৮ রানে ভারতের প্রথম উইকেট পতন ঘটে। অভিষেক ২৫ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন।
এরপর ইশান কিষানকে সঙ্গে নিয়ে স্যামসন আক্রমণ অব্যাহত রাখেন। এই দুই ব্যাটারের জুটি ১০৫ রানের তাণ্ডব চালায়। ইনিংসের ১৬তম ওভারে তিন উইকেট নেওয়ার মাধ্যমে ভারতের রানের গতি কিছুটা কমিয়ে দেন জিমি নিশাম।
শেষ পর্যন্ত স্যামসন ৪৬ বলে ৮৯, ইশান কিষান ২৫ বলে ৫৪ রান করেন। সূর্যকুমার সাজঘরে ফেরার পর শেষ দিকে শিভম দুবে ৮ বলে অপরাজিত ২৬ রানে দলের রান আরও বাড়ান। ভারতের ইনিংস শেষ হয় ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে, এবং নিউজিল্যান্ডকে জয়ের জন্য ২৫৬ রানের লক্ষ্য পেশ করে।