
বাংলাদেশে প্রথমবারের মতো নারী ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৪ থেকে ১৪ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া নারী বিপিএলে অংশ নেবে তিনটি ফ্র্যাঞ্চাইজি দল।
গত মাসেই নারী বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিবি। শুরুতে টুর্নামেন্টটি দুই ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে নতুন করে যুক্ত করা হয়েছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে। ফলে এবার তিনটি মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ম্যাচগুলো হওয়ার কথা ছিল ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। তবে নতুন সূচিতে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামও অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি উদ্বোধনী ম্যাচও অনুষ্ঠিত হবে এই মাঠে।
জানা গেছে, বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
এই টুর্নামেন্টে তিনটি দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের তিন ক্রিকেটার, যাদের আইকন হিসেবে রাখা হবে। আইকন ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই তালিকায় রয়েছেন নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার এবং সোবহানা মোস্তারি।
তিনটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে এখন পর্যন্ত দুটি দলের নাম চূড়ান্ত হয়েছে। সেগুলো হলো—রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগং পাইরার্স। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে তৃতীয় ফ্র্যাঞ্চাইজি হিসেবে দল কিনতে আগ্রহ দেখিয়েছে রংপুর রাইডার্স। তবে শেষ পর্যন্ত কোন তিনটি দল মাঠে নামবে তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ক্রিকেটভক্তদের।