
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে জেদ্দায় আটকে পড়ার উৎকণ্ঠা কাটিয়ে অবশেষে দেশে ফেরার পথে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার মুশফিকুর রহিম। রোববার ১ মার্চ দিবাগত রাতে তিনি নিরাপদে ঢাকাগামী বিমানে আরোহন করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন মুশফিক। সেখানে তিনি লেখেন, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নিরাপদে বিমানে উঠলাম। ইনশাআল্লাহ, আজ (সোমবার) সকালে ঢাকায় অবতরণ করব।”
তিনি আরও লেখেন, “গত ২৪ ঘন্টা ধরে যারা আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ করেছেন এবং প্রচুর দোয়া করেছেন তাদের ধন্যবাদ। সর্বশক্তিমান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে বাড়ি নিয়ে যান।”
ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন জাতীয় দলের এই অভিজ্ঞ ক্রিকেটার। সব আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার ২৮ ফেব্রুয়ারি দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল তার। কিন্তু ওই দিনই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান। এতে আকাশপথে অনিশ্চয়তা তৈরি হলে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েও যুদ্ধ পরিস্থিতির কারণে আবার জেদ্দায় ফিরে যেতে হয় তাকে।
এর আগে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেকটি পোস্টে পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেছিলেন মুশফিক। তিনি লিখেছিলেন, “আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে আমি ওমরাহ হজের উদ্দেশ্যে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, হজের সব আনুষ্ঠানিকতা শেষ করেছি এবং আজ দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সে বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে এমিরেটসের ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্লাইটটি আবার জেদ্দায় ফিরে আসে।”
পরবর্তী অংশে তিনি জানান, “এখন আমি জেদ্দা বিমানবন্দরে আছি। এখানে আমার সঙ্গে হাজারো যাত্রী আটকে আছেন। সর্বশক্তিমান আল্লাহই জানেন কবে এবং কীভাবে আমরা বাংলাদেশসহ অন্যান্য গন্তব্যে যেতে পারবো, বিশেষ করে ঢাকাগামী বাংলাদেশি যাত্রীরা।”
মুশফিকের সঙ্গে আরও অনেক বাংলাদেশি যাত্রী সেখানে আটকা পড়েছিলেন। দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিষয়টি নজরে রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার তিনি জানান, মুশফিকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সোমবার সকালেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
গণমাধ্যমকে প্রতিমন্ত্রী বলেন, “আমি ব্যক্তিগতভাবে এটা মনিটর করছি। ইতোমধ্যে আমার সঙ্গে মুশফিকুর রহিমের কথাও হয়েছে। আমাদের ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা হয়েছে। আশা করছি একটা ফিরতি ফ্লাইটে আগামীকাল সকালেই দেশে ফিরতে পারবে মুশফিক। এখনো পর্যন্ত মুশফিক ভালো আছে, সুস্থ আছে।”