
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে করলেন সেঞ্চুরি। পাকিস্তানকে হারিয়ে সেমি-ফাইনালে উঠল ইংল্যান্ড।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সুপার এইটে ইংল্যান্ড জয় পেয়েছে ২ উইকেটে। পাল্লেকেলেতে পাকিস্তানের ১৬৪ রান পাঁচ বল হাতে রেখে পেরিয়ে যায় ব্রুকের দল।
এদিন ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৬৪ রান করে পাকিস্তান। জবাবে ২ উইকেট ও ৫ বল হাতে রেখে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।
এই জয়ের মাধ্যমে ২ ম্যাচে ৪ পয়েন্ট পেল হ্যারি ব্রুক বাহিনী। এমতাবস্থায় তাদের পেছনে ফেলতে পারবে না পাকিস্তান। কেননা, দুই ম্যাচ শেষে তারা সংগ্রহ করেছে কেবল মাত্র একটি পয়েন্ট। ফলে শেষ ম্যাচ জিতলে তাদের সংগ্রহ দাঁড়াবে ৩ পয়েন্ট।
অন্যদিকে, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা একইসঙ্গে ইংল্যান্ডকে পেছনে ফেলতে পারবে না। কেননা, নিউজিল্যান্ডের পয়েন্ট ১, শ্রীলঙ্কা শূন্য। আবার একে অপরের বিপক্ষেও মাঠে নামতে হবে তাদের। সে ম্যাচে এক দল জিতলে অন্য দলের পক্ষে ইংল্যান্ডকে পেছনে ফেলা সম্ভব হবে না। আবার ম্যাচটি ড্র হলে কিউইদের পয়েন্ট হবে ২, শ্রীলঙ্কার ১। এক্ষেত্রে শেষ ম্যাচ জিতে নিউজিল্যান্ড সর্বোচ্চ ৪ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। অন্যদিকে লঙ্কানরা অর্জন করতে পারবে কেবল ৩ পয়েন্ট।
১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। পাওয়ার প্লেতেই হারায় তিনটি উইকেট। ফিল সল্ট শূন্য, জস বাটলার ৩ ও জ্যাকব বেথেল ৮ রান করে সাজঘরে ফেরেন। সুবিধা করতে পারেননি টম ব্যাটন্টনও। আউট হওয়ার আগে তিনি করেন মাত্র ২ রান।