
বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতে দেশের ক্রিকেটে তাকে কোনো দায়িত্ব পালন করতে দেওয়া হবে না।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র জানিয়েছে।
এর আগে অস্ট্রেলিয়াপ্রবাসী জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন। বিষয়টি তদন্ত করার জন্য বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। জাহানারা কমিটির কাছে লিখিতভাবে একই অভিযোগ করেন।
তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়, জাহানারার করা চারটি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে পর্যাপ্ত প্রমাণ না থাকলেও বাকি দুটি অভিযোগে মঞ্জুরুলের অসদাচরণের প্রমাণ পাওয়া গেছে। কমিটির সুপারিশ অনুযায়ী তাকে বাংলাদেশের ক্রিকেটে ভবিষ্যতে কোনো দায়িত্বে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঞ্জুরুল বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) কর্মরত। তবে গত বছরের ৩০ জুনের পর থেকে তিনি বিসিবির কোনো দায়িত্বে নেই।