
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দল থেকে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র পদপ্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি-র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘দলের পক্ষ থেকে আমাকে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদপ্রার্থী হতে বলা হয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
তিনি অভিযোগ করেন, সম্প্রতি ছয়টি সিটি করপোরেশনে তড়িঘড়ি করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা প্রশ্নবিদ্ধ। তার মতে, এসব নিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে এবং প্রশাসকদের দায়িত্ব পালনের কোনো নির্দিষ্ট মেয়াদও উল্লেখ করা হয়নি। তিনি বলেন, ‘প্রজ্ঞাপন দেখে মনে হচ্ছে তারা অনির্দিষ্টকালের জন্য দায়িত্বে থাকবেন, যা সরকারি নিয়োগের প্রচলিত নিয়মের সঙ্গে সাংঘর্ষিক।’
দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জনপ্রতিনিধিশূন্য থাকায় নাগরিক সেবায় ভোগান্তি বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ অবস্থায় দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানান এনসিপির এই মুখপাত্র।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি পুলিশের অভিযানের নামে সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে, যা নিন্দনীয়। তার অভিযোগ, এর মাধ্যমে জনগণের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চলছে।
আন্দোলন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, অযৌক্তিকভাবে রাস্তা অবরোধ সমর্থনযোগ্য নয়। তবে একই সঙ্গে যৌক্তিক দাবিতে আন্দোলনের অধিকার কোনোভাবেই বিঘ্নিত হওয়া উচিত নয়।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এনসিপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, আইন অনুযায়ী এসব নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না এবং সবাই ব্যক্তি পরিচয়ে প্রার্থী হবেন। সে ক্ষেত্রে দল সাংগঠনিকভাবে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের সহযোগিতা করবে।
উল্লেখ্য, এনসিপির পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে আসিফ মাহমুদের নাম আলোচনায় এলেও এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।