
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পুরো প্রস্তুতি সম্পন্ন করেছিল বাংলাদেশ দল। ক্রিকেট বোর্ডও (বিসিবি) দল ঘোষণা করেছিল। তবে নিরাপত্তা ঝুঁকির কারণে ভারত ছাড়া খেলার অনুরোধ জানায় বাংলাদেশ। সেই দাবি প্রত্যাখ্যান করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবং বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।
গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে রাখা হয়েছে। এই গ্রুপে তারা ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
স্কটল্যান্ডের স্পিনার মার্ক ওয়াট ম্যাচ শুরুর আগে বাংলাদেশ দলের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “প্রথমত, বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমরা খুবই সমব্যথী। তবে আমরা বিশ্বাস করি আমাদের এই টুর্নামেন্টে থাকা উচিত ছিল।”
তিনি আরও জানান, “স্কটল্যান্ড যেকোনো দলকে হারাতে সক্ষম। আমাদের বিশ্বাস, র্যাংকিংয়ে এগিয়ে থাকা দলকেও আমরা পরাস্ত করতে পারি। তাই এই টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে কোনো দ্বিধা নেই। আমরা পুরোপুরি প্রস্তুত।”