
নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২ ফেব্রুয়ারি এই রিপোর্ট বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তদন্তে অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহানারা আলম যে চারটি অভিযোগ উত্থাপন করেছিলেন, তার মধ্যে দুটি অভিযোগের প্রমাণ মিলেছে। বিশেষ করে নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির বিষয়গুলো তদন্তে প্রমাণিত হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী ‘অসদাচরণ’ এবং ‘যৌন হয়রানি’র পর্যায়ে পড়ে।
প্রতিবেদনের ভিত্তিতে বিসিবি অভিযুক্তদের বিরুদ্ধে প্রযোজ্য আইন ও বোর্ডের বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া তদন্ত রিপোর্টে সুপারিশ অনুসারে পরবর্তী আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বোর্ড বিষয়টি নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত যথাসময়ে প্রকাশ করবে।