
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্থায়ী আইনি কাঠামোর আওতায় আনা এবং দলটির বিরুদ্ধে ওঠা সহিংসতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের অভিযোগ তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে সরকারের চার সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মো. রবিউল করিমের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এএসএম শাহরিয়ার কবির ১৬ পৃষ্ঠার এই নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব এবং পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সচিবদের উদ্দেশে পাঠানো নোটিশে প্রস্তাবিত পদক্ষেপগুলো কেন নেওয়া হবে না, তার ব্যাখ্যা ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হলে আগামী ২২ নভেম্বর হাইকোর্ট বিভাগে রিট আবেদন করা হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে। ওই রিটে রুল জারির পাশাপাশি দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার আবেদন জানানো হবে।
নিষেধাজ্ঞার সুস্পষ্ট আইনি ভিত্তি তৈরির জন্য জাতীয় সংসদে আইন প্রণয়ন অথবা সংসদ অধিবেশন না থাকলে অধ্যাদেশ জারির আহ্বান জানানো হয়েছে নোটিশে। পাশাপাশি নিষিদ্ধ কার্যক্রমে অর্থায়ন বা সংগঠিত করার দায়ে শাস্তি, সম্পদ বাজেয়াপ্ত এবং হাইকোর্ট বিভাগের মাধ্যমে বিচারিক পর্যালোচনার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা সহিংসতার অভিযোগ তদন্তে সুপ্রিম কোর্টের কর্মরত বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির নেতৃত্বে ৯০ দিনের জন্য স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানানো হয়েছে। এই তদন্তের আওতায় অর্থায়নের উৎস এবং কোনো বিদেশি সম্পৃক্ততা বা সহায়তা রয়েছে কি না, তা খতিয়ে দেখার কথা বলা হয়েছে। তদন্ত শেষে প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের পাশাপাশি জাতিসংঘে পাঠানোর প্রস্তাবও রয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোর মাধ্যমে বিদেশি সরকারগুলোকে নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে হবে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৩৭৩ নম্বর প্রস্তাবের আওতায় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে জাতিসংঘকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন ও জাতীয়তা আইনের আওতায় আওয়ামী লীগকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনার জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানাতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পাশাপাশি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় জেনেশুনে নিষিদ্ধ সশস্ত্র কার্যক্রমে অর্থায়ন, সংগঠন বা সহায়তাকারীদের বিরুদ্ধে তদন্ত এবং অভিযোগের প্রমাণ পাওয়া গেলে ফৌজদারি মামলা করার দাবি জানিয়েছেন আইনজীবী।
তবে নোটিশে স্পষ্ট করা হয়েছে, বৈধ রাজনৈতিক মতামত, শান্তিপূর্ণ ভিন্নমত প্রকাশ এবং সরকারের সমালোচনাকে শাস্তির আওতায় আনা যাবে না।