
জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া দেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের কার্যালয়ে গুলশান পূর্ব থানা জামায়াতের দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের অন্যতম উপায় হলো জুলাই সনদ বাস্তবায়ন। তাই শুধু মুখে ঐক্যের কথা না বলে বাস্তবে জুলাই সনদ কার্যকর করার মাধ্যমে সংবিধান সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশের বিভিন্ন জায়গায় সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে। একই সঙ্গে এসব কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতা নষ্ট করছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা ঠেকানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
জামায়াতের এই নেতা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণে জুলাই সনদ বাস্তবায়নের গুরুত্ব অনেক। রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে সরকারকে দ্রুত এই সনদ কার্যকর করতে হবে।
তিনি জানান, নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াত আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। জনগণকে সঙ্গে নিয়ে দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
দায়িত্বশীলদের উদ্দেশে সেলিম উদ্দিন বলেন, সুযোগ মানুষকে স্বার্থপর ও দুর্নীতিগ্রস্ত করে তুলতে পারে। এ কারণে মানুষের মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস, তাঁর সাহায্য কামনা এবং নৈতিক মূল্যবোধ থাকা প্রয়োজন। সংসদ সদস্য হওয়া, মন্ত্রিত্ব পাওয়া কিংবা ক্ষমতায় থাকা—কোনোটিই স্থায়ী নয়। তাই দায়িত্বশীলদের আত্মকেন্দ্রিক না হয়ে সংগঠনের কর্মীদের খোঁজখবর নিতে হবে, তাঁদের পাশে দাঁড়াতে হবে এবং সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে।