
গণভোটের গণরায় বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ে রাজধানী ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চটি যাত্রা শুরু করে।
এর আগে সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে লংমার্চের আগে সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা। সমাবেশ শেষে তাঁরা কুষ্টিয়ার উদ্দেশে রওনা হন।
লংমার্চে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি তুলে ধরা হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে—গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধ করা।
ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া রুটে আয়োজিত এ লংমার্চে নেতৃত্ব দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।