
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার সকালে শুরু হওয়া এ বিক্ষোভে শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে আশুলিয়ার কাঠগড়া অঞ্চলসহ আশপাশের এলাকার অন্তত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সকালে নাঈম নীটওয়ারের শ্রমিকরা প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি শুরু করেন। পরে তারা কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য আহত হন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, এখন পর্যন্ত ১৩টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। সময়ের সঙ্গে এ সংখ্যা আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।