
বিএনপি সরকার গণঅভ্যুত্থান পরিপন্থী এবং আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় রয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, গণভোটকে অস্বীকার করার মাধ্যমে সরকার শহীদদের সঙ্গে প্রতারণা করেছে। তারেক রহমান ও শেখ হাসিনার মধ্যে কোনো পার্থক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। তাঁর অভিযোগ, শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছেন এবং দেশকে মাফিয়াদের হাতে তুলে দিয়েছেন।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হয়েছে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের পদত্যাগ দাবি করেন তিনি। জ্বালানি খাতে ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
এদিকে রাজধানীর উত্তরায়ও একই কর্মসূচির আয়োজন করেন এনসিপির নেতাকর্মীরা। সেখানে তাঁরা বলেন, অন্য মন্ত্রণালয়ের বিষয়ে কথা বললেও স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করতে পারছেন না।
এনসিপির নেতাদের অভিযোগ, ফ্যামিলি কার্ড বিতরণ করা হলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সারসংকট নিরসনে সরকার কার্যকর ভূমিকা রাখতে পারছে না।