
বাজারে সবজি কিনতে গেলে মাংস কেনার মতো মনে হয়, আর মুরগি কিনতে গেলে গরুর মাংসের দামে কিনতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব মো. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, এভাবে চলতে থাকলে বাংলাদেশের মানুষ হয়তো ধীরে ধীরে গরুর মাংস ও ইলিশ মাছের কথা ভুলে যাবে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে লিফলেট বিতরণ ও পথসভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের পর মানুষ আশা করেছিল, গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে পরিস্থিতির উন্নতি হবে এবং সমস্যার সমাধান হবে। কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও সংকটজনক হয়ে উঠছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, সরকার ক্ষমতায় আসার সাত থেকে আট মাসের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এলপিজি গ্যাসের দাম দ্বিগুণ হয়েছে, বিদ্যুতের দামও প্রায় দ্বিগুণ হয়েছে। তাঁর অভিযোগ, স্বল্প সময়ে জ্বালানির দাম সবচেয়ে বেশি বাড়ানোর রেকর্ড গড়েছে সরকার।
এনসিপির এই নেতা বলেন, মানুষের দুর্ভোগ দ্রুত কমাতে হবে। কিন্তু এসব সমস্যা সমাধানে সরকারের পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না। দায়িত্ব পালনে অবহেলা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, সরকার ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন ব্যবসা ও অন্যান্য কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগের প্রতি যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না।
আসিফ মাহমুদ জানান, দেশের বর্তমান সংকট, মানুষের দুর্ভোগ, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামী ৩০ অক্টোবর গণবিক্ষোভ কর্মসূচি পালন করবে এনসিপি। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এ কর্মসূচির আয়োজন করবে।
তিনি বলেন, কর্মসূচি সামনে রেখে সারা দেশে গণসংযোগ শুরু হয়েছে। ঢাকা শহরসহ বিভিন্ন এলাকায় মানুষের কাছে গিয়ে তাঁদের দুর্ভোগের কথা শোনা এবং সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সপ্তাহব্যাপী গণসংযোগ শেষে আগামী শুক্রবার গণবিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সদস্যসচিব আখতার হোসেনসহ দলের অন্য নেতারা।