
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সবাইকে দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের ঐতিহ্য। এ দেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ নিজ নিজ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী উৎসব ও আচার-অনুষ্ঠান পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় আসন্ন শারদীয় দুর্গাপূজাও হিন্দু সম্প্রদায়ের মানুষ পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জামায়াত আমির বলেন, দেশের অতীত ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীও নিজস্ব অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করবেন—এটাই প্রত্যাশা।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতাকর্মীরা সচেতন নাগরিক হিসেবে হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং তাদের সহযোগিতায় এগিয়ে আসবেন।