
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে সামনের সারিতে থাকা ছাত্রনেতাদের গড়া দলটির তিন কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যে এ পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতেও আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন থাকছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।
বর্তমানে হাসনাত আবদুল্লাহ দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) এবং নাসীরুদ্দীন পাটওয়ারী মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। নতুন কমিটিতে তাঁদের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
এ ছাড়া দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করার বিষয়ে আলোচনা রয়েছে। বর্তমানে মুখপাত্রের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদেও পরিবর্তন আসতে পারে।
সারজিস আলমকে দলের সাংগঠনিক কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হতে পারে। এ কাজে তাঁকে সহযোগিতা করতে পারেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আরিফুল ইসলাম আদীব ও আলী আহসান জুনায়েদ।
কমিটি পুনর্গঠনের বিষয়ে জানতে চাইলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এ বিষয়ে দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হবে।’