
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি, জিএস ও এজিএস।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ডা. শফিকুর রহমানের নিজ বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে ডাকসুর মেয়াদ সফলভাবে ও জবাবদিহিতার সঙ্গে সম্পন্ন করায় ছাত্র সংসদের নেতাদের অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন।
সাক্ষাতে শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর নেওয়া বিভিন্ন কার্যক্রমে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা ও বাধার অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। ডাকসু ভবন ও বিভিন্ন হল সংসদে ছাত্রদলের ‘মব সন্ত্রাসের’ অভিযোগ নিয়েও উদ্বেগ জানান তিনি।
এ সময় ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তনের ধারা অব্যাহত রাখতে পরবর্তী ডাকসু নির্বাচনের রূপরেখা ও তফসিল ঘোষণার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মৌলিক সংকট নিরসন এবং মানসম্মত শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত করতে ডাকসু নেতাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের কাজে ছাত্র সংসদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।