
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফেরার পর প্রথমবার জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার দুপুরে অধিবেশন শুরুর কিছুক্ষণ পর সংসদ কক্ষে প্রবেশ করেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। তাকে স্বাগত জানান স্পিকার। এ সময় অন্য সংসদ সদস্যরা টেবিল চাপড়ে মির্জা আব্বাসকে অভিবাদন জানান।
এর আগে গত ১১ মার্চ ঢাকার শাহজাহানপুরের নিজ বাসায় হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর এবং পরে মালয়েশিয়ায় নেওয়া হয় তাকে।
দীর্ঘ চিকিৎসা শেষে শারীরিক অবস্থার উন্নতি হলে বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফেরেন তিনি।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় গত ১২ মার্চ। তবে অধিবেশন শুরুর ঠিক আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় পরবর্তী সময়ে বিদেশে চিকিৎসাধীন থাকেন মির্জা আব্বাস। ফলে সংসদের আগের অধিবেশনগুলোতে অংশ নেওয়া সম্ভব হয়নি তার। রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও তিনি ভোট দিতে পারেননি।
ঢাকা-৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহস্পতিবারই প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিলেন বিএনপির এই নেতা।