
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে জড়ো হয়েছেন দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা কর্মসূচিতে যোগ দিতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো উদ্যান ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে।
ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যানের পুরো এলাকা। বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সেখানে উপস্থিত হন। অনেকের হাতে ছিল দলীয় পতাকার পাশাপাশি জাতীয় পতাকাও।
নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে জিয়া উদ্যানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা ইমাম শরিফ বাবু বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনুষ্ঠানিক কোনো আয়োজন নয়; এটি দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শ স্মরণ করার দিন। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দেন তিনি।
বাড্ডা থানা বিএনপি নেতা শামসুর রহমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ তৃণমূলে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হওয়ার বিষয়টি তুলে ধরছে। আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে এই ঐক্য ও জনসম্পৃক্ততা আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে নেতাকর্মীদের ব্যাপক সমাগমকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও সংলগ্ন সড়কগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।