
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ‘অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের’ দিকে এগোতে হবে। জবাবে রুশ প্রেসিডেন্ট জানান, তারাও সেই পথেই এগোচ্ছেন।
সোমবার (৩১ আগস্ট) কিরগিজস্তানের রাজধানী বিসকেকে দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান ও বেলারুশ এসসিওর গুরুত্বপূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে।
বৈঠকে মোদি বলেন, “আমাদের অন্তহীন যুদ্ধ থেকে সরে এসে যুদ্ধ বন্ধের দিকে এগোতে হবে।” এর জবাবে পুতিন বলেন, “প্রধানমন্ত্রী মোদি আপনাকে ধন্যবাদ। আমরা সেদিকেই এগোচ্ছি।”
২০২২ সালের ২৫ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর চার বছরের বেশি সময় পেরিয়ে গেলেও সংঘাতের অবসান হয়নি। বরং সাম্প্রতিক কয়েক দিনে যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে।
বৈঠকে যুদ্ধের মানবিক প্রভাবের কথাও তুলে ধরেন মোদি। তিনি বলেন, “যুদ্ধের প্রতিটি দিন মানবতাকে পেছনে নিয়ে যায়। অপরদিকে শান্তির দিকে প্রতিটি পদক্ষেপ মানবতাকে নতুন আশা ও উদ্দীপনার মাধ্যমে পূর্ণ করে।”
ভারতের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ বন্ধ করা মানবতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংঘাতের পরিবর্তে শান্তির পথে অগ্রসর হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
এদিকে সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, ইউক্রেনের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সব স্থাপনা ও অবকাঠামোতে পাল্টা হামলা চালানো হবে।