 রাশেদ.webp)
জামায়াত আওয়ামী লীগের ভেতরেই ‘লুকিয়ে ছিল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলেও মন্তব্য করেছেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি বিরোধী দলের সঙ্গে সরকারের আচরণ নিয়ে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টানেন। তাহেরের বক্তব্যের ভিত্তিতে ভবিষ্যতে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে পারে বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁন লেখেন, ‘বিরোধীদলের সঙ্গে সরকার যে আচরণ করছে, তা আওয়ামী লীগও করেনি বলে মন্তব্য করেছেন জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমি আগেই বলেছিলাম, ভবিষ্যতে জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে সঙ্গে নিয়েই আন্দোলন করবে। এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যে সেটি স্পষ্ট হলো।’
তিনি আরও দাবি করেন, সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত লংমার্চের মাধ্যমে দেশে অস্থিরতা তৈরি করে ডিসেম্বর থেকে আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াত মাঠে নামবে।
১৯৭১ সালে জামায়াতের ভূমিকার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, তাহেরের বক্তব্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ১ হাজার ৪০০-এর বেশি মানুষের মৃত্যু এবং ৩০ হাজার আহত যোদ্ধার রক্ত জামায়াতের কাছে কোনো গুরুত্ব বহন করে না। এ কারণেই জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধকে ‘লঘু’ বলা যায় বলেও মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য, আওয়ামী লীগ গত ১৬ বছর জামায়াতের সঙ্গে খারাপ আচরণ করেনি, কারণ জামায়াত আওয়ামী লীগের মধ্যেই ‘লুকিয়ে ছিল’। আওয়ামী লীগের কর্মকাণ্ডকে স্বাভাবিক হিসেবে তুলে ধরতেই জামায়াতের পক্ষ থেকে নতুন রাজনৈতিক বক্তব্য সামনে আনা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
পোস্টের শেষাংশে জামায়াত নেতা তাহেরের বক্তব্যের সমালোচনা করেন রাশেদ খাঁন। একই সঙ্গে এনসিপি নেতা নাহিদ ইসলামও বিষয়টি উপভোগ করছেন বলে মন্তব্য করেন তিনি।