
মধ্যস্থতাকারীদের অনুরোধের পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে একাধিক শর্ত প্রস্তুত করছে ইরান। এসব শর্তের মধ্যে আঞ্চলিক যুদ্ধের অবসানও রয়েছে বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই।
রেজাই জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য ওমানের সঙ্গে একটি নৌপথ নিয়ে ইরানের সমঝোতা হয়েছে। প্রস্তাবিত ওই নৌপথের একাংশ ওমানের জলসীমা এবং অন্য অংশ ইরানের জলসীমার মধ্য দিয়ে যাবে।
লেবাননের একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রেজাই বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্তগুলো মেনে নিলে জাহাজগুলো হরমুজ প্রণালির নির্ধারিত কেন্দ্রীয় চ্যানেল দিয়ে চলাচলের সুযোগ পাবে।
এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছিল, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ এবং সেখান থেকে অর্জিত রাজস্ব কীভাবে ভাগ করা হবে, সে বিষয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।
আইআরজিসির এক মুখপাত্র জানান, ওয়াশিংটন নৌ অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে।