
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার বিষয়টি তো দূরের কথা, তার কবরও বাংলাদেশে হবে না। বাংলাদেশের মানুষের সঙ্গে অন্যায় ও গণহত্যার পরিণতি তাকে ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, শেখ হাসিনা এমন মাত্রায় অন্যায় করেছেন যে বাংলাদেশে তার বাবা শেখ মুজিবুর রহমানের কবর থাকলেও তার নিজের কবর এ দেশে হবে না।
সভায় তিন পার্বত্য জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সম্পদের ন্যায্য বণ্টনের দাবি জানান এনসিপির এই নেতা। একই সঙ্গে জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পার্বত্য এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সারজিস বলেন, পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের উন্নয়নও নিশ্চিত করতে হবে।
এ ছাড়া জেলা পরিষদগুলোতে পার্বত্য অঞ্চলের সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।