
নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, নিয়োগ বাণিজ্যের জায়গাটাকে অনেকেই মধুর চাক মনে করেন। ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে। এই সংস্কৃতি বন্ধ করতে হবে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে এখন চুরি-চামারি ও লুটপাটের প্রবণতা শুরু হয়েছে। চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।
দেশের স্বার্থে প্রয়োজন হলে একবার নয়, শতবার রাজপথে নামার প্রত্যয়ও ব্যক্ত করেন শফিকুর রহমান।
তিনি বলেন, দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, তাদের এ দেশে থাকার সুযোগ হবে না। এই পথ পালানোর পথ। দেশের মানুষ আর দিল্লির খবরদারি মেনে নেবে না।