
জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক আলোচনা সভায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে বিমানবন্দর থেকেই ফাঁসির মঞ্চে নেওয়া হবে।
সোমবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইডিইবি)-এ অনুষ্ঠিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ বক্তব্য দেন।
সভায় উপস্থিত জুলাই যোদ্ধা ও আহতদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘যদি শেখ হাসিনা ডিসেম্বরে আসে, সেই ডিসেম্বরে আসার জন্য যদি ব্যবস্থা তারেক রহমান (প্রধানমন্ত্রী) করে দেয়, তাহলে সেটার জন্য আপনারা (জুলাই যোদ্ধা ও আহত) প্রস্তুত আছেন তো? আমরা সবাই সেটার জন্য প্রস্তুত আছি; এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে, কোনো কথা হবে না। পুরা বাংলাদেশের জনগণ...সেদিন থাকবে বাংলাদেশের রাজপথে, ঢাকার রাজপথে; সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাবে। ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ঘরে ফিরব না।’
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, ‘আওয়ামী লীগের পুনর্বাসনের কথা বলা হচ্ছে- আপনারা এটা একবার করে দেখেন। আপনাদের যদি হিম্মত থাকে, তবে আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার পরিকল্পনা বাস্তবায়ন করে দেখান। কার কতটুকু সাহস ও হিম্মত আছে, তা মাঠে নামলেই দেখা যাবে।’