
সাতক্ষীরা পৌর এলাকার ফুটপাত ও সড়কের পাশের অবৈধ দখল উচ্ছেদ, পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে সাতক্ষীরা পৌরসভার প্রশাসক শেখ মইনুল ইসলাম মঈনের কাছে স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা শাখা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা পৌরসভা কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন নিসচা সাতক্ষীরা শাখার উপদেষ্টা ও জেলা বিএনপির সদস্য শেখ মাসুম বিল্লাহ শাহীন, সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার প্রকাশক মো. আবুল কালাম, সংগঠনের সভাপতি এস এম মহিদার রহমান, সাধারণ সম্পাদক মীর আবু বকর, সহ-সাধারণ সম্পাদক শাহজাহান আলী মিটন ও মো. মাসুদ আলী, দপ্তর সম্পাদক মো. কামাল উদ্দীন সরদার, সাংস্কৃতিক সম্পাদক মো. আতিকুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, যুব বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন জনিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সোসাইটি সাতক্ষীরা শাখার সভাপতি তৌফিকুজ্জামান লিটু এবং নিসচার কার্যকরী সদস্য মো. মুনসুর রহমান, মো. আব্দুল মান্নান, হাফেজ মো. আবুল হোসেন, এস এম আমীর হামজা, জি এম সোহরাব হোসেন, এম এম রবিউল ইসলাম, মো. মাসুদ হাসান মনি, মো. মোস্তাফিজুর রহমান, মোহাম্মাদ হাফিজ, মো. কামাল হোসেন, অধ্যক্ষ মোরশেদুল হক এবং সদস্য মো. মনিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, সাতক্ষীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকার ফুটপাত দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা হচ্ছে। দোকান, পণ্যসামগ্রী, ভ্যানসহ বিভিন্ন স্থাপনার কারণে পথচারীদের চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ফুটপাত ও সরকারি জায়গা দখলের ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে নেমে চলাচল করায় যানবাহনের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা বাড়ছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে শিশু, শিক্ষার্থী, নারী, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এ পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফুটপাত দখলমুক্ত করা হলে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমবে, অন্যদিকে শহরের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।
স্মারকলিপিতে বেশ কিছু সুনির্দিষ্ট এলাকার অবৈধ দখল উচ্ছেদের দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে পাকা পুলের মোড় থেকে কেষ্ট ময়রার মোড়, পৌরদীঘের মোড় থেকে উপজেলা পরিষদ পর্যন্ত সড়কের উভয় পাশ এবং লাবণী মোড় থেকে পাকাপোল পর্যন্ত ফুটপাত ও সরকারি জায়গা দখলমুক্ত করা। এছাড়া থানার পেছনের পশ্চিম ও দক্ষিণ পাশের অবৈধ ব্যবসা-বাণিজ্য উচ্ছেদ করে জায়গাটি জনসাধারণের ব্যবহারের উপযোগী করা, শহরের অন্যান্য সড়ক ও ফুটপাতের অবৈধ দখল চিহ্নিত করা, নিয়মিত অভিযান পরিচালনা এবং দখলমুক্ত করার পর তা পুনরায় যাতে দখল না হয় সে জন্য নিয়মিত মনিটরিং করার দাবি জানানো হয়।
পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে প্রয়োজনীয় ফুটপাত সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় অবৈধ পার্কিং, ভ্যান ও ইজিবাইকের কারণে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
নিসচা নেতৃবৃন্দ বলেন, ফুটপাত দখলমুক্ত করা কেবল শহর সৌন্দর্য রক্ষার বিষয় নয়; এটি পথচারীদের নাগরিক অধিকার, জননিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা হ্রাসের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই জনস্বার্থে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা পৌর প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।