
হবিগঞ্জের উদ্দেশে যাত্রার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরকে শ্রীমঙ্গলে আবারও বাধা দিয়েছে পুলিশ। পুলিশের বাধা অতিক্রম করার পরও বুধবার (২৯ জুলাই) বিকেলে চতুর্থবারের মতো তাদের পথ আটকে দেওয়া হয়।
বিকেল ৪টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা-কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ।
তবে যেকোনো পরিস্থিতিতেই হবিগঞ্জে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন এনসিপির নেতারা।
এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা সেখানে যাবই। আপনারা আমাদের পয়েন্ট অব নো রিটার্নে আমাদের ঠেলে দিচ্ছেন। যারা সেখানে হামলা করেছে, তাদের গ্রেপ্তার না করে আপনারা আমাদের বাধা দিচ্ছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। কয়েকজন আইনপ্রণেতা আছেন এখানে। আপনারা তাদের গায়ে হাত দিয়েছেন। আপনারা যদি বিএনপি করতে চান, তাহলে পুলিশের পোশাক খুলে বিএনপি করেন।”
এ সময় পুলিশের উদ্দেশে স্লোগান দিতে থাকেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, “বাহ পুলিশ চমৎকার, সন্ত্রাসের পাহারাদার”।
পুলিশের বাধা প্রসঙ্গে তিনি আরও বলেন, “১৪৪ ধারা জারি করা হয়েছে হবিগঞ্জ পৌরসভায়। আপনি শ্রীমঙ্গলে আমাদের বাধা দিচ্ছেন। আপনি আমাদের আইন শিখাইতে আসছেন। আপনাদের লজ্জা হওয়া উচিত। পাঁচটা মানুষ আমরা মামলা করতে যাচ্ছি, আপনারা আটকে রেখেছেন।”
পরে জানা যায়, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভেঙে এনসিপির গাড়িবহর হবিগঞ্জের দিকে রওনা হলেও হবিগঞ্জের মিরপুর এলাকার কাছাকাছি পৌঁছানোর আগেই আবারও তাদের থামিয়ে দেয় পুলিশ। এ সময় এনসিপির নেতারা গাড়ি থেকে নেমে সড়কে অবস্থান নেন।
শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণ বিবেচনায় নিয়েই তাদের আটকে দেওয়া হয়েছে।