
দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দেশের বিভিন্ন স্থানে জাতীয়তাবাদী যুবদলের প্রায় ৩০০ নেতা-কর্মীর বিরুদ্ধে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না।
বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ তথ্য জানান।
আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্গল ও আদর্শিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো রকম বেআইনি, অনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।’
তিনি জানান, সংগঠনের পরিচয় ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে বেআইনি কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নীতি অনুসরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
জুলাই-আগস্টের অভ্যুত্থানে যুবদলের ভূমিকার কথা তুলে ধরে আবদুল মোনায়েম মুন্না বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানে দেশব্যাপী যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে আন্দোলন সফল করেছেন। আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে উন্নীত করতে যুবদলের ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এবং হাজার হাজার নেতাকর্মী রক্তাক্ত হয়েছেন।’