
গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচার কার্যকরের দাবিতে আয়োজিত এক সেমিনারে বিএনপির কঠোর সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, জুলাই সনদ নিয়ে সংসদে বিএনপির পূর্বের অবস্থান এবং বর্তমান আচরণের মধ্যে স্পষ্ট অসঙ্গতি রয়েছে।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, "বিএনপি এই সংসদে দাঁড়িয়ে বলেছিল জুলাই সনদ একটি অন্তহীন প্রতারণার দলিল। আর এই সংসদে দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করেছে।"
ডা. শফিকুর রহমান বলেন, "জনগণের বিবেচনাবোধের ওপর যারা প্রশ্ন তোলে, বুঝতে হবে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। জনগণের বিবেচনাবোধের ওপর প্রশ্ন তোলার অধিকার কারও নেই। কোন রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে। তাহলে ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না।"
তিনি আরও বলেন, "আমরা নির্বাচন চেয়েছিলাম, ষড়যন্ত্র চাইনি। কিন্তু ষড়যন্ত্র করা হয়েছে। অন্তর্বর্তী সরকারও এই ষড়যন্ত্রে জড়িত ছিল। আমরা তাদের নিন্দা জানাই।" একই সঙ্গে জনগণের অধিকার রক্ষার প্রশ্নে সরকারকে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন জামায়াতের আমির।
সেমিনারে উপস্থিত অন্য বক্তারা অভিযোগ করেন, গণভোটে দেওয়া রায় বাস্তবায়ন না করে বিএনপি দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। তাদের মতে, নতুন করে সংঘাত ও রক্তপাত এড়াতে গণভোটের রায় বাস্তবায়নের বিকল্প নেই।
১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের পাশাপাশি অনুষ্ঠানে জুলাই আন্দোলনের যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরাও অংশ নেন।