
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে তারা আহত হন। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ঘটানার পর পর সাগর ও সজল দুই সহদোরকে গ্রেফতার করা হয়েছে ।
আহতরা হলেন— সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং পুলিশের সোর্স মাসুম মিয়া।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান জানায়, মহাসড়কে মোটরসাইকেল ও পিকআপ ছিনতাইয়ের একাধিক ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় সাগর ও তার ভাই সজল ঘরে থাকা ধারালো দা দিয়ে পুলিশ সদস্য ও সোর্সের ওপর এলোপাতাড়ি হামলা চালান। এতে তিন পুলিশ সদস্য ও সোর্স মাসুম আহত হন।
পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই সঙ্গে অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে আসামি গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। অভিযুক্ত সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।