
ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তেহরানে পৌঁছেছে। ইরান সরকারের আমন্ত্রণে প্রতিনিধিদলটি ৩ থেকে ৯ জুলাই পর্যন্ত দেশটিতে অবস্থান করবে।
জামায়াতে ইসলামীর সামাজিক যোগাযোগমাধ্যমের অফিসিয়াল পেজে প্রতিনিধিদলের ছবি প্রকাশ করে বিষয়টি জানানো হয়েছে।
দলের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির ড. মো. কেরামত আলী এমপি, মো. নুরুল আমীন এমপি, পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা এমপি, ডা. এস এম খালিদুজ্জামান এবং এনসিপি নেতা নাসীরুদ্দিন পাটোয়ারী।
এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, খামেনির জানাজায় অংশ নিতে তেহরানে দুই কোটির বেশি মানুষের সমাগম হতে পারে। একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বাসিন্দাদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও বিপুলসংখ্যক মানুষ শোকানুষ্ঠানে অংশ নেবেন।
তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদেও জানাজা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব স্থানেও ব্যাপক জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।
৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনকারী আলী খামেনি গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনে নিহত হন। ওই ঘটনার পর থেকেই মধ্যপ্রাচ্যে সংঘাত নতুন মাত্রা পায়।
সূচি অনুযায়ী, ৪ জুলাই তেহরানে আনুষ্ঠানিক জানাজার কর্মসূচি অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই কোমে ধর্মীয় অনুষ্ঠান এবং ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে তাকে দাফন করা হবে।