
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে নতুন আলোচনা তৈরি হয়েছে। এবার ওই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেছেন, নিলোফার মনির বক্তব্য তারা ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ‘প্রিয় আপা’ সম্বোধন করে রাকিবুল ইসলাম রাকিব এ প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, নিলোফার চৌধুরী মনি দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের একজন সক্রিয় সহযাত্রী এবং গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তবে সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া তার বক্তব্যে তারা মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছেন।
রাকিবুল ইসলাম রাকিব লেখেন, ‘আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। আমরা জানি, আপনি জুলাইয়ের চেতনায় বিশ্বাসী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে ভবিষ্যতে আরও সংযত ও শ্রদ্ধাশীল বক্তব্য রাখবেন, এটাই আমাদের প্রত্যাশা।’
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘এই আন্দোলনে কারা যে মেইন (প্রধান) ছিল তা কেউ জানে না। একজন আরেকজনকে চেনে না। পাশে হাঁটতে গেছে, আন্দোলনে গেছে, পাশের আরেকজন পড়ে গেছে, মনে করছে যে সে নরমাল পড়েছে, আসলে সে মারা গেছে। গুলিটা সামনে থেকে আসছে না পিছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই। স্নাইপারের গুলি ছিল, অনেকেই যারা পড়ে গেছে।’
একই আলোচনায় আন্দোলন ‘ডিজাইন’ করা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল তবে ষড়যন্ত্র ছিল কিনা তা জানি না। এটাও সত্যি, শুধুমাত্র যারা আন্দোলনে ছিল (আন্দোলন) যে কেবল তাদের হাতেই ছিল তা কিন্তু না। অনেক কিছু না জেনে তারা আবেগে এসেছিল, অন্যায়ের প্রতিবাদে এসেছিল। তারা একজন আরেকজনকে চিনে না।’
আলোচনার একপর্যায়ে নিলোফার চৌধুরী মনি আরও বলেন, ‘আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই। আমি যেহেতু দুইটা কথা বলি। অনেক কিছু আমি স্টাডি করার চেষ্টা করেছি, কিন্তু একটা জায়গায় যেয়ে আর কোনো উত্তর নাই।’