
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ইরান যাচ্ছেন। দেশটির সদ্য প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলী হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশে তার এই সফর। ভিসা অনুমোদন পেলেও তার সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি।
বুধবার (১ জুলাই) এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, গত মঙ্গলবার (৩০ জুন) ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পরদিন তার ভিসা অনুমোদনের তথ্য জানানো হয়। বর্তমানে বিমান টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।
একই অনুষ্ঠানে অংশ নিতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলও ইরান সফরে যাচ্ছে। জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে রয়েছেন মো. নুরুল আমীন, ড. মো. কেরামত আলী ও এস এম খালিদুজ্জামান।
গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। কয়েক দশক ধরে তিনি দেশটির সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করেন। আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও তার জন্মস্থান মাশহাদে জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।