
শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বুধবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পর শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার (৩০ জুন) তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার দুপুরে হাসপাতালে নজরুল ইসলাম খানকে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শায়রুল কবির খানও।
শায়রুল কবির খান আরও জানান, শিমুল বিশ্বাস চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে আপাতত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের হাসপাতালে ভিড় না করার এবং তার সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।