
মালয়েশিয়ায় পুনর্বাসন চিকিৎসা নিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নিয়মিত থেরাপি ও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পুনর্বাসন কার্যক্রমে অংশ নেওয়ায় তার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল।
সোমবার (২৯ জুন) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সকালে থেরাপি সেশন শেষে স্ত্রীকে সঙ্গে নিয়ে কিছুক্ষণ খোলা পরিবেশে হাঁটাহাঁটি করেন মির্জা আব্বাস। এ সময় তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হালকা শারীরিক ব্যায়ামও করেন।
তিনি জানান, বর্তমানে মালয়েশিয়ার একটি বিশেষায়িত পুনর্বাসন কেন্দ্রে পায়ের থেরাপি নিচ্ছেন মির্জা আব্বাস। চিকিৎসকরা তাকে নিয়মিত ফিজিওথেরাপি, হাঁটাচলা এবং হালকা ব্যায়াম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
দলীয় সূত্রের দাবি, পুনর্বাসন চিকিৎসায় তিনি ইতিবাচক সাড়া দিচ্ছেন এবং চিকিৎসকদের সব নির্দেশনা মেনে চলছেন।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে মির্জা আব্বাসকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরে ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। প্রায় এক মাস চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে পুনর্বাসন চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার বিশেষায়িত পুনর্বাসন চিকিৎসা চলছে।