
জাতীয় সংসদে বিরোধী দলের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
রোববার (৩ মে) গাজীপুরের টঙ্গীতে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ-এর নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সংসদে সাম্প্রতিক বক্তৃতা নিয়ে উত্তেজনার প্রসঙ্গে মঈন খান বলেন, “আমি এটিকে উত্তেজনা বলব না, বরং ডিবেট বলব। সংসদে ডিবেট থাকবেই। সবাই একই মত প্রকাশ করবে না—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
তিনি আরও বলেন, একদলীয় ব্যবস্থার সঙ্গে গণতন্ত্রের পার্থক্য এখানেই—ভিন্নমত প্রকাশের সুযোগ থাকতে হবে। বিরোধী দলকে সংসদে কথা বলতে দিতে হবে এবং তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় তা যেন বাস্তবভিত্তিক হয়। অতিরিক্ত আবেগপ্রবণ বক্তব্য সংসদের ভাষা ও কার্যকারিতা সঠিকভাবে প্রতিফলিত করতে পারে না।