
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে নিয়ে প্রকাশ্যে প্রশংসাসূচক মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখপাত্র ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি নাহিদ ইসলামকে ‘বাংলাদেশের নেতা’ বলে উল্লেখ করেন।
হাসনাতের পোস্টে লেখা হয়, ‘আমার নেতা, আমাদের নেতা, বাংলাদেশের নেতা নাহিদ ইসলাম।’ পোস্টটি প্রকাশের পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি করে।
এর কয়েক ঘণ্টা পর সংসদে দেওয়া নাহিদ ইসলামের একটি বক্তব্যের ভিডিও নিজের অ্যাকাউন্টে প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। প্রায় ৩৩ মিনিটের ওই ভিডিওর ক্যাপশনেও একই বক্তব্য ব্যবহার করা হয়।
ভিডিওতে সংসদে নাহিদ ইসলামের বক্তব্য দিতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সেটিতে বিপুল সাড়া পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার হতে থাকে এবং তাতে দুই লাখের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।