.png)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অনুষ্ঠিত গণভোটের প্রচার কার্যক্রমে দেশের ব্যাংক খাত থেকে মোট ৩ কোটি ৭২ লাখ ৮৪ হাজার টাকা ব্যয় হয়েছে।
বাংলাদেশ ব্যাংক ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি) এর তহবিল থেকে এই অর্থ বিভিন্ন সংগঠনের মাধ্যমে জনসচেতনতা কার্যক্রমে ব্যয় করা হয়।
তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) তহবিল থেকে স্টুডেন্টস এগেইন্স্ট ডিসক্রিমিনেশন ফাউন্ডেশনকে ১ কোটি টাকা দেওয়া হয়।
অন্যদিকে এবিবি’র তহবিল থেকে সুশাসনের জন্য নাগরিক (সুজন)কে ২ কোটি ৫২ লাখ টাকা এবং ডিবেট ফর ডেমোক্রেসিকে ২০ লাখ ৮৪ হাজার টাকা দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গণভোট ২০২৬ উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির জন্য এই সহায়তা দেওয়া হয় এবং নির্ধারিত শর্ত অনুযায়ী ব্যয়ের অডিট রিপোর্ট জমা দেওয়া হয়েছে, যা পর্যালোচনাধীন রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি সংগঠন অনলাইন প্রচারণা, কনসার্ট এবং জাতীয় পর্যায়ের যুব ক্যাম্পেইনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য আরও বড় অঙ্কের অর্থ চেয়েছিল, তবে শর্তসাপেক্ষে ১ কোটি টাকা অনুমোদন দেওয়া হয়।
এদিকে এবিবি চেয়ারম্যান মাসরুরু আরেফিন দাবি করেন, তৎকালীন গভর্নরের নির্দেশনা ও একাধিক বৈঠকের ভিত্তিতেই এই অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে সুজনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্বচ্ছতার সঙ্গে অর্থ ব্যয় করেছে এবং প্রাথমিক হিসাব জমা দিয়েছে, পূর্ণাঙ্গ অডিট শেষে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।