
দীর্ঘ চিকিৎসা শেষে ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস—এমনটাই জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।
সম্প্রতি গণমাধ্যমে কথা বলতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জানান, স্বামীর শারীরিক অবস্থার অবনতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়িয়েছে, তা ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’।
তিনি বলেন, আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন মির্জা আব্বাস এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। “ইনশাআল্লাহ, খুব শিগগিরই তাকে নিয়ে দেশে ফিরব।”
এর আগে ১০ এপ্রিল সিঙ্গাপুরে অবস্থানরত তার একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানিয়েছিলেন, চিকিৎসায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। নিয়মিত থেরাপি নেওয়ার ফলে তিনি আগের চেয়ে ভালো আছেন। গত সপ্তাহে তিনি বিছানায় উঠে বসতে পেরেছেন, পরে চিকিৎসকেরা তাকে চেয়ারে বসান। তিনি অল্পস্বল্প কথাও বলতে পারছেন, যা চিকিৎসকদের মতে ইতিবাচক লক্ষণ।
পরবর্তীতে ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। মিজানুর রহমান সোহেল জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর অবস্থার উন্নতি হওয়ায় পরবর্তী চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে আগের তুলনায় তার শারীরিক অবস্থার উন্নতি হলেও সম্পূর্ণ সুস্থতা ফিরে পেতে নিবিড় ফিজিওথেরাপির প্রয়োজন রয়েছে, যা এখন মালয়েশিয়ায় চলছে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য। প্রথমে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে এক মাসের চিকিৎসার পর তিনি এখন শঙ্কামুক্ত।
রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা মির্জা আব্বাস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিপুল ভোটে জয়ী হন। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে পরাজিত করেন। বর্তমানে তিনি সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।