
সংসদ অধিবেশন শুরুর আগেই রাজনৈতিক উত্তাপ ছড়াল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দুটি শিবিরে বিভক্ত—একটি ফ্যাসিবাদের পক্ষে এবং অন্যটি তার বিপক্ষে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের প্রবেশপথে এনসিপির তিন দফা দাবিতে আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, সংসদে যারা ফ্যাসিবাদের বিরোধী শক্তি হিসেবে রয়েছেন, তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। তিনি বলেন, সংসদ সদস্য যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন তারা যেন এই রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করেন এবং তার অভিশংসনের জন্য দাবি তোলেন।
এনসিপির ঘোষিত তিন দফা দাবির মধ্যে রয়েছে—সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে গণভোটে প্রকাশিত মতামতের ভিত্তিতে সংবিধান সংস্কার কার্যকর করা, রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ শহিদ পরিবারের সদস্য এবং দলটির আরও অনেক নেতা-কর্মী।