
টি–টোয়েন্টি বিশ্বকাপ জয় উদযাপনের সময় জাতীয় পতাকার অবমাননার অভিযোগ উঠেছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে। এ বিষয়ে পুনে শহরের এক আইনজীবী পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। খবরটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, আইনজীবী ওয়াজিদ খান পুনের শিবাজি নগর পুলিশ স্টেশনে লিখিত আবেদন জমা দিয়েছেন। ওই আবেদনে তিনি হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এফআইআর দায়েরের অনুরোধ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল জয়ের সময় হার্দিক পান্ডিয়া জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে অশালীন আচরণ করেছেন। ওয়াজিদ খানের আবেদনে বলা হয়েছে, “এই কাজ প্রযোজ্য আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।”
সামাজিক মাধ্যমে টি–টোয়েন্টি ফাইনালে পান্ডিয়ার পতাকা ব্যবহার এবং উদযাপনের ছবি ভাইরাল হওয়ার পর সমালোচনা শুরু হয়। ওয়াজিদ খান জানান, “টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে হার্দিক পান্ডিয়া তার বান্ধবীর সঙ্গে নাচছিলেন। তার পিঠে জাতীয় পতাকা বাঁধা ছিল। উদযাপনে এতটাই মগ্ন ছিলেন যে তিনি পতাকা গায়ে জড়িয়ে বান্ধবীর সঙ্গে শুয়েছিলেন। আমার মতে, এটি জাতীয় পতাকার প্রতি অপমান।”